১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী অধিকার’ ব্যানারে শহিদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে নগরে বিক্ষোভ মিছিল করেন।
এসময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্যের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচি ও মিছিল থেকে ‘তুমি কে আমি কে পোল্ট্রি পোল্ট্রি’, ‘তুমি কে আমি কে মুরগি মুরগি’, ‘কে বলছে কে বলেছে, মন্ত্রী মন্ত্রী’, ‘আমাদের দাবি মেনে নিন, নইলে গদি ছেড়ে দেন’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে অবিচার। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও দাবি করেন, দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। যারা ১৩ জুলাই সোমবারের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা অযাচিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
এদিকে কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বেলা সোয়া তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যান।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের পাশাপাশি রাজধানী ঢাকাসহ বরিশাল, ময়মনসিংহসহ দেশের অন্তত ১১ জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তাদের অভিন্ন দাবি, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D