সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেফতার

সিলেটে প্রতারণার দায়ে দায়ের করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার জেলার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
তিনি সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার (মামলা নং-০৩/৩৩৮, তারিখ: ০১/০৭/২০২৬) এজাহারনামীয় আসামি। রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি (জিডি নং-৮১, তারিখ: ১২/০৭/২০২৬) মূলে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

মামলার বিবরণে জানা যায়, সিলেট নগরীর আম্বরখানা মৌজার একটি ভূমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগকারী মো. শুকুর মিয়ার দাবি, বিবাদিনী পূর্বপরিকল্পিতভাবে ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে তার মেয়ের স্বামী প্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন।

অভিযোগ অনুযায়ী, ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং অতিরিক্ত ৮ লাখ টাকা গ্রহণ করা হলেও পরবর্তীতে ভূমির দলিল সম্পাদন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন মাকসুদা চৌধুরী। একপর্যায়ে তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেন।

এ ঘটনায় অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেফতারকৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট