সিলেটে হানিট্র্যাপ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সিলেটে হানিট্র্যাপ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

সিলেট মহানগরীতে হানিট্র্যাপ (প্রেমের ফাঁদ) পেতে ছিনতাই করা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামের সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) এবং সুড়িগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে জাবেদ আহমেদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের এক নারী সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের বাসিন্দা আরিফ উর রহমান (২১) নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৪ জুলাই তারা গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে দেখাও করেন।

পরবর্তীতে ওই নারী সদস্য ভুক্তভোগী আরিফকে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তার বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ভুক্তভোগী যুবক তাকে মোটরসাইকেলে করে নিয়ে রাত আনুমানিক সাড়ে আটটায় সেখানে পৌঁছালে, আগে থেকে ওত পেতে থাকা গ্রেফতারকৃত এই দুজনসহ তাদের আরেক সহযোগী চাকুর ভয় দেখিয়ে আরিফকে মারধর করে। এরপর তার ব্যবহৃত মোটরসাইকেল এবং আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর শুক্রবার (১০ জুলাই) মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত আইফোনটি উদ্ধার করা হয় এবং অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২) জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং এই চক্রের পলাতক নারী সদস্যসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট