৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ থানায় দেশের প্রথম উপজেলা বা থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন- ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।
উপজেলা পর্যায়ে দেশের প্রথম এমন উদ্যোগ নেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও গোলাপগঞ্জ মডেল থানাপুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও প্রবাসী মহল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D