৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা তাদের ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপিরাও জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস চলছে। শুধু তাই নয়, সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই পতিত ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। যা জাতির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা জেল থেকে বেরিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন ছোট্ট বাচ্চারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাই মুক্তি পেয়েছি। আমরা তাদের ভুলবোনা। কিন্তু ক্ষমতায় গিয়েই বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যা ভোটের রায়কে বাতিল করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা রাষ্ট্রের সকল স্তরের দলীয়করণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে।
তিনি শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। গণমিছিলে ১১ দলীয় ঐক্যে ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ এবং গণরায়কে উপেক্ষা করেই ক্ষান্ত হয়নি। তারা তাদের দলীয় ৩১ দফা প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। তারা ৩১ দফায় উল্লেখিত দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন কোনকিছুই মানছেনা। এর মাধ্যমে জাতির সাথে তাদের প্রতারণার মুখোশ উন্মোচিত হয়েছে। পতিত ফ্যাসিস্টদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোন ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নিবেনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই সরকারের মঙ্গল নিহিত রয়েছে। অন্যথায় রাজপথেই গণরায়ের দাবীর ফায়সালা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D