সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও পশু জব্দ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও পশু জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন ধরনের সবজি, এয়ার রাইফেল, আঙুর ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট