সিলেটে ২৫ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা, এসএমপি’র বিশেষ নির্দেশনা

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

সিলেটে ২৫ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা, এসএমপি’র বিশেষ নির্দেশনা

আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি, এইচএসসি ভোকেশনাল (বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা। শেষ হবে ৮ আগস্ট। সিলেট মহানগর এলাকার ২৫টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে কয়েকটি বিধি-নিষেধ জারি করেছেন এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুস (পিপিএম-সেবা)।

এসএমপি’র নির্দেশনায় বলা হয়েছে- পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে শেষের পরবর্তী ১ ঘণ্টা পর্যন্ত এসব পরীক্ষা কেন্দ্রের ২ দু শ গজ পরিধির মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউড স্পিকারসহ যেকোনো শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে- উচ্চস্বরে চিৎকার করা, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ।

এই আদেশ আগামী ২ জুলাই হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে সকাল ৯টা থেকে হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট মহানগর এলাকার ২৫টি পরীক্ষা কেন্দ্র হচ্ছে- সিলেট সরকারি কলেজ, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন সরকারি কলেজ, সরকারি মদন মোহন কলেজ (তারাপুর ক্যাম্পাস), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পিডিবি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, নূরজাহান মেমোরিয়াল কলেজ, আম্বরখানা গার্লস হাইস্কুল এন্ড কলেজ, ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, টুকের বাজারের শাহ খুররম ডিগ্রি কলেজ এবং জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমার রেবতি রমন উচ্চ বিদ্যালয়, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জালালপুর ডিগ্রী কলেজ, দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়, শাহপরান সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাদামঘাট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, দক্ষিণ সুরমার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এবং মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট