সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২

সিলেটে আনসার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি ও গাড়ি তল্লাশিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) ও ৩৯নং ওয়ার্ডের পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার এসআই মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন সংবাদ পান যে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের মধ্যবর্তী একটি কালভার্টের ওপর কতিপয় ব্যক্তি আনসার পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি তল্লাশি করছে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ওই দুই ভুয়া আনসার সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১টি ওয়াকিটকি সেট, ‘আনসার ভিডিপি’ লেখা জলপাই রঙের ১টি বুলেটপ্রুফ ভেস্ট, ২টি চাবিসহ ১টি হ্যান্ডকাফ ও ১টি ভুয়া আনসার ভিডিপির আইডি কার্ড জব্দ করা হয়।

এসএমপি জানায়- এই চক্রটি ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও বড় ধরনের অপরাধের পরিকল্পনা করছিল। এই ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া ঘটনার সাথে জড়িত অন্য কারও যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট