সিলেটে গলায় ছুরি ধরে যুবককে অপহরণ, ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

সিলেটে গলায় ছুরি ধরে যুবককে অপহরণ, ৪ জন গ্রেপ্তার

সিলেট মহানগরের শামীমাবাদ আবাসিক এলাকা থেকে ফাহিম আহমদ (২০) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকালে কোতোয়ারি থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধারসহ এই ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট কোতোয়ালি থানার লালাদিঘীরপাড় এলাকার মো. ছয়দুল হকের ছেলে খালেদ বীন আজিজ (৩৫), একই থানার বাগবাড়ী কুতুব উদ্দিন গেইট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর গ্রামের আশিক আলীর ছেলে ও বর্তমানে নগরীর কানিশাইল ১ নম্বর রোডের বাসিন্দা আল আমিন (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ও বর্তমানে শামীমাবাদ এলাকার বাসিন্দা রাজিব আহম্মেদ (২০)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত তিনটার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর গেইটের সামনে এক সংঘবদ্ধ অপহরণকারী চক্র ফাহিম আহমদের পথরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর এবং গলায় ছুরি ধরে সঙ্গে থাকা নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরে তাকে জোরপূর্বক একটি গ্যারেজে আটকে রাখা হয়। অপহরণের পর ফাহিমের মোবাইল ফোন থেকেই তার স্বজনদের কাছে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এদিকে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি জানতে পেরে দ্রুত অভিযানে নামে কোতোয়ালি মডেল থানাপুলিশ। পরে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে কোতোয়ালি থানাধীন পিডিবি মসজিদের বিপরীত পাশে ফুলকলি শোরুমের ভেতর তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। সেখানে উপস্থিত জনতার সহায়তায় অপহৃত ফাহিম আহমদকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চার অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানাপুলিশ জানিয়েছে, এই অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় আজই থানায় দণ্ডবিধির ৩৪১/৩৪২/৩৬৫/৩৭৯/৩৮৫/৩২৩/৫০৬ ধারায় ৩৭ নম্বর একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট