সিলেটে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

সিলেটে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ২

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) অঞ্জন কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে থেকে পুরোনো ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িগুলোর ইঞ্জিন নম্বর অস্পষ্ট ছিল এবং বডির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে চোরচক্রের সদস্য আব্দুস শহীদ (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-সোনাসার, জকিগঞ্জ, সিলেট এবং মো. আদিল হোসেন (৩৫), পিতা-আলাউদ্দিন, সাং-চাঁনগ্রাম, বড়লেখা, মৌলভীবাজারকে আটক করা হয়। তারা বর্তমানে দক্ষিণ সুরমা এলাকায় বসবাস করছিলেন।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও ২টি চোরাইকৃত পুরোনো সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব গাড়িরও ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা ছিল। এ নিয়ে মোট ৫টি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৬, তারিখ ২৩ জুন ২০২৬, পেনাল কোডের ৩৭৯/৪১৩/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাইকৃত যানবাহন চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট