২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
দীর্ঘদিন পিকআপ গাড়ি চালিয়ে তিল তিল করে জমানো টাকা ছিল বড় মেয়ের বিয়ের স্বপ্ন পূরণের অবলম্বন। সেই সঞ্চয় রাখা ছিল ভাড়া বাসার স্টিলের সিন্দুকে। কিন্তু বাসার তালা ভেঙে সিন্দুকের ড্রয়ার খুলে নিয়ে গেছে চুর। মৌলভীবাজারের কমলগঞ্জে এ ঘটনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা।
নাজমুল মিয়া জানান, রোববার সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তাঁর স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা লাগিয়ে বের হন। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান, স্টিলের সিন্দুকের ড্রয়ার খোলা এবং সেখানে রাখা নগদ টাকা নেই।
কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মিয়া বলেন, ‘পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। সিন্দুকে রাখা ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব, বুঝতে পারছি না। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, ঘটনার পর থেকে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। মেয়ের বিয়ের জন্য বহুদিনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর এই পিকআপচালক বাবা।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D