২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসারে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে শনিবার (২০ জুন) হবিগঞ্জের নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল লেখক মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমদ, চৌশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব এবং বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
প্রতিযোগিতায় নবীগঞ্জের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরীর সাহিত্য ও গবেষণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ লাল-সবুজ সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। লেখকের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছালিক হোসেন চৌধুরী নূরগাঁও এবং শাহিনুর আক্তার চৌধুরী পান্না।
লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ আহমেদ, সদস্য রিমন ইসলাম খান, কাওছার আহমেদ ও সৌমিকসহ সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। পরিকল্পনা ও সামগ্রিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাহরিয়ার রশীদ বুলবুল।
আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D