শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪দিনে মিললো যত টাকা

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪দিনে মিললো যত টাকা

সিলেটের ৭০০ বছরের ইতিহাস ভেঙ্গে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স প্রকাশ্যে খোলার পর দিনভর গণনা শেষে মাত্র ৪ দিনে মোট ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের সিলগালা করা তিনটি বড় দানের ডেগের মুখ খোলা হয়।

গণনা শেষে মাজারের দানবাক্সে পাওয়া টাকার তথ্য নিশ্চিত করেন ওয়াকফ্ অফিসার সজল মিয়া।

তিনি জানান, গণনা শেষে আমরা ১৭ লাখ ৬৬ হাজার ৫৪৯ টাকা পেয়েছি। পাশাপাশি দানবাক্সে টাকার সঙ্গে ৭ আনা সোনাসহ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রিয়াল, ডলার, পাউন্ড এবং স্বর্ণের চেইন, আংটিসহ ছোট ছোট স্বর্ণের টুকরো।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দানবাক্সের সিলগালা ভাঙা হয়। জোহরের নামাজের পরপরই শুরু হয় এই ঐতিহাসিক গণনা কার্যক্রম। টাকা গণনার কাজে আধুনিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে গণনা মেশিন ব্যবহার করা হয়। মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক এবং দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরা দিনভর এই গণনার কাজে সহযোগিতা করেন। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন প্রশাসনের আরও ২ থেকে ৩ জন কর্মকর্তা।

তদারকির কাজে যুক্ত এক কর্মকর্তা জানান, দানবাক্সের মধ্যে শুধু দেশীয় টাকাই নয়, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রিয়াল, ডলার, পাউন্ড এবং স্বর্ণের চেইন, আংটিসহ ছোট ছোট স্বর্ণের টুকরো।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে মাজার প্রাঙ্গণ ও এর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক অবস্থানে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত এই অর্থ পরবর্তীতে কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট