সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

একদিন বন্ধ থাকার পর সোমবার (২২ জুন) সকাল থেকে স্পটটি চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢলের পানি নেমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এর আগে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পানি কমে যাওয়ায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকবাহী নৌকা চলাচল ও ভ্রমণ কার্যক্রম স্বাভাবিক থাকলেও নদীতে এখনও স্রোত রয়েছে। তাই ভ্রমণকালে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা জোরদার করা হয়েছে। নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার ও নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট