নাইজারের বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৬

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী নিয়ামেতে অবস্থিত এই কৌশলগত বিমানবন্দরটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি গুলি চালায় আল-কায়েদা ঘনিষ্ঠ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএনআইএম।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফজরের নামাজ শেষে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরটি দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ভেতরে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম। সংগঠনটি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার দায় নেয়।

নাইজার দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জঙ্গি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা বলেন, আমরা সকাল ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করি। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি সেখানে হামলা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট