২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
পর্যটকদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ সুবিধার মেয়াদ বড় পরিসরে কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।
মঙ্গলবার (১৯ মে) দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে।
এর ফলে ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা থেকে সরে আসছে ব্যাংকক। করোনাভাইরাস মহামারির পর পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে সে সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের ২৯ দেশের শেনজেন অঞ্চলের নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছিল।
নতুন নীতির আওতায় ভিসামুক্ত অবস্থানের সর্বোচ্চ সময়সীমা আবার ৩০ দিনে নামিয়ে আনা হচ্ছে। কিছু দেশের নাগরিকদের জন্য এই সময় আরও কমিয়ে ১৫ দিন করা হবে।
ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের মুখপাত্র রাচাদা ধানাদিরেক বলেন, বর্তমান ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু মানুষ অপব্যবহার করছে।
তিনি বলেন, থাই অর্থনীতির জন্য পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখন নিরাপত্তা উদ্বেগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
থাই কর্মকর্তারা স্বীকার করেছেন, ৬০ দিনের দীর্ঘ সময়সীমা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সুযোগ তৈরি করেছিল। এর মধ্যে অবৈধ ব্যবসা, অনুমতিহীন বিদেশি শ্রমিক এবং অনলাইন প্রতারণা চক্রের বিস্তারও ছিল।
নীতিনির্ধারকদের মতে, প্রকৃত এবং উচ্চ ব্যয়ক্ষমতাসম্পন্ন পর্যটকদের জন্য ৩০ দিনের সময়সীমাই যথেষ্ট।
সাম্প্রতিক সময়ে মাদক পাচার, মানবপাচার, অনুমোদন ছাড়া হোটেল ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে একাধিক আলোচিত গ্রেপ্তারের পরই নীতিতে এই পরিবর্তন আনা হচ্ছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের লক্ষ্য করে নেওয়া হয়নি। বরং যারা আইনশৃঙ্খলা এড়িয়ে যেতে ভিসা ব্যবস্থার অপব্যবহার করছে, তাদের ঠেকাতেই এই পদক্ষেপ।
তিনি বলেন, অপব্যবহার রোধে স্থলসীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হবে। ২০২৪ সালের সম্প্রসারণের আগে যে নিয়ম ছিল, এবারও সেই পদ্ধতিই ফিরিয়ে আনা হচ্ছে।
তবে নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনো জানায়নি সরকার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের জন্য সময়টি বেশ স্পর্শকাতর। দেশটির মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের বেশি আসে পর্যটন খাত থেকে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি পর্যটক আগমন আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আগত পর্যটকের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
এমন পরিস্থিতির মধ্যেও চলতি বছরে ৩ কোটি ৩৫ লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা বহাল রেখেছে থাই সরকার।
সূত্র : আল জাজিরা

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D