মাকে দেখার আগে গণসমাবেশে যাওয়ার কারণ জানালেন তারেক রহমান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

মাকে দেখার আগে গণসমাবেশে যাওয়ার কারণ জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরেন। প্রথমে সিলেটে অবতরণের পর ২৫ ডিসেম্বর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি লাল-সবুজ রঙে সজ্জিত একটি বিশেষ বাসে চড়ে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, “আমার মা এই দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সন্তান হিসেবে আমি চাই আল্লাহর কাছে আপনারা দোয়া করুন, যেন তিনি সুস্থ থাকেন।” তিনি আরও জানান, সন্তান হিসেবে তার মন সব সময় মায়ের পাশে রয়েছে। সেই কারণে হাসপাতালে যাওয়ার আগে গণসংবর্ধনায় অংশ নিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তারেক রহমান দেশের তরুণ প্রজন্মের অবদানও স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতা দেশকে রক্ষা করতে সাহসিকতার সঙ্গে আন্দোলন করেছে। ১৯৭১ সালের শহীদ এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, “আজকের মানুষ তাদের কথা বলার অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের সব ধর্ম ও অঞ্চলের মানুষকে একত্রিত করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেখানে নারী, পুরুষ বা শিশু—যে কেউই ঘর থেকে বেরিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। বক্তব্যে তিনি তিনবারের বেশি উল্লেখ করেন, “আমরা দেশের শান্তি চাই।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে দেশজুড়ে উচ্ছ্বাস বিরাজ করছিল। সকাল থেকেই লাখ লাখ নেতা ও সমর্থক ৩০০ ফিট এলাকায় উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি হাতে নেন। বাসে চড়ে তিনি পথে পথে নেতাকর্মীদের হাতে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট