সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ প্রাণ হারান বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত শাকিল আহমদ উপজেলার দনা ইউনিয়নের মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।

জানা যায়, রবিবার বিকেলে ডোনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় খাসিয়ারা গুলি ছুঁড়লে শাকিল আহমদ গুলিবিদ্ধ হন। সাথের যুবকরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় ভারতের লাগোয়া সুপারিবাগান এলাকা থেকে খাসিয়ারা হঠাৎ গুলি ছুড়ে। গুলিতে শাকিল গুরুতর আহত হন। পরে স্থানীয় কৃষকরা তাকে দ্রুত বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আনোয়ার।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, “আহত অবস্থায় শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ঘটনার পর বিজিবি ডোনা ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট