সাদা পাথরসহ সিলেটের পর্যটন কেন্দ্রগুলো রক্ষার দাবিতে বাপা’র মানববন্ধন

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

সাদা পাথরসহ সিলেটের পর্যটন কেন্দ্রগুলো রক্ষার দাবিতে বাপা’র মানববন্ধন

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরসহ কয়েকটি স্পট থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ এবং এসব স্থানের পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখা।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী।

শুরুতেই সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, সাদা পাথরসহ কয়েকটি পর্যটন স্পট থেকে দিনে দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। দুষ্কৃতকারীরা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে না। এরা পর্যটনকেন্দ্র ধ্বংস করে স্থানীয় অর্থনীতি ও হাজারো মানুষের জীবিকা ধ্বংস করেছে। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বালু ও পাথর উত্তোলন আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, এই অপরাধী চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাদা পাথরসহ সকল প্রাকৃতিক পর্যটন কেন্দ্রকে সংরক্ষণের জন্য স্থায়ী মনিটরিং ব্যবস্থা ও টহল জোরদার করতে হবে। অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনকে ত্বরিত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে বাপা’র নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ শের মাহবুব মুরাদ এর কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহ-সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহ-সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, বাপা সিলেটের সহসভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকি, ফয়জুর রহমান ফয়েজ, অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, ফারুক আহমেদ, সেলিনা চৌধুরী, শাহীন আক্তার, আয়েশা মুন্নি, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, কলামিস্ট আব্দুল হক, মোঃ মুস্তাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে জামিল আহমেদ চৌধুরী অবৈধ পাথর উত্তোলন বন্ধ, অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সাদা পাথরের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট