ছাতকে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ছাতকে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

সুনামগঞ্জের ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাজ্জাদ মাহমুদ মনির নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করেছে দুর্বৃত্তরা।

গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় ছাতক থানার সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাংবাদিক সাজ্জাদ মাহমুদ দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি। তিনি পৌরসভার দক্ষিণ বাগবাড়ি এলাকার আবুল বাশারের ছেলে।

জানা যায়, গত মাসের ১৮ জুলাই ছাতকে ভারত থেকে অবৈধভাবে আনা এক ট্রাক পণ্য জব্দ ও তিনজনকে আটক করে সেনাবাহিনী। পরে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাই মালপত্রসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা তাদের নিজ নিজ পত্রিকা ও নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এদিকে চোরাই মালপত্র আটকের ঘটনায় সাংবাদিক সাজ্জাদ মনির ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েলকে দায়ী করে তাদের প্রাণনাশের হুমকি দেন শাহিন মিয়া নামে এক ব্যক্তি। তিনি উপজেলার টেঙ্গারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে। এ ঘটনায় শাহিন মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রচারের কারণে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ মাহমুদকে হুমকি দেয় পৌর শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা শাওন আহমেদ।

শনিবার রাতে ছাতক থানার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন সাজ্জাদ মাহমুদ ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন। এ সময় কয়েক দুর্বৃত্ত হঠাৎ মোটরসাইকেলে এসে সাজ্জাদ মাহমুদের ওপর হামলা চালায়। তারা কাঠের রোলার দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে দুর্বৃত্তদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাদ মাহমুদ। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট