সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামী এসআই আকবরের জামিনে মুক্তি

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামী এসআই আকবরের জামিনে মুক্তি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর নিহত রায়হান আহমদের হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

রোববার (১০ আগস্ট) সকালে জামিন লাভের পর সন্ধ্যায় তিনি সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক সোমবার সকালে সাংবাদিকদের জানান, এসআই আকবর হোসেন জামিন পেয়েছেন এবং কারাগার থেকে বের হয়েছেন।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রোববার আমাদের কাছে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে রোববার বিকেলেই এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়েছে। সন্ধ্যার দিকেই তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি বেরিয়ে যান।

তিনি আরও বলেন, এসআই আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর কার্যক্রম শুরু হলে ২৫ মার্চ আকবরকে এখানে আনা হয়। জামিনে মুক্তির আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন।

জামিনের খবর পেয়ে নিহত রায়হানের মা হতাশা প্রকাশ করে বলেন, ‘এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন। তার জামিনে আমরা হতাশ হয়েছি।’

মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং রায় ঘোষণার প্রস্তুতি চলছিল। তবে প্রধান আসামির জামিন পাওয়ায় রায়হানের পরিবার তার দ্রুত দেশ ত্যাগের আশঙ্কা প্রকাশ করছে।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল। পরদিন ১১ অক্টোবর তিনি মারা যান। ঘটনার পর তার স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন।

মামলার অন্য আসামি আশিক এলাহিও কয়েক দিনের মধ্যে জামিন পেতে পারেন বলে জানা গেছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন, যাদের মধ্যে একজন আমেরিকায়, একজন ফ্রান্সে এবং দুইজন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে সূত্র জানায়।

এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ২০২০ সালের ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসআই আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।

২০২১ সালের ৫মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো: হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), এসআই মো: হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় এবং কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট