মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

নিহত রুবেল জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিং এর মালিক ছিলেন।

জানা যায়, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মারা যান।

ঘটনার পর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রুবেল প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহত অবস্থায় বেরিয়ে বাঁচার জন্য কাকুতি মিনতি করে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন তাকে সহায়তার জন্য।

স্থানীয়রা জানান, রুবেলের পেটে ও গলার দিকে ছুরিকাঘাত এবং রক্ত দেখতে পান। দ্রুত তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট