নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করা হবে : খান মো. রেজা-উন-নবী

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করা হবে : খান মো. রেজা-উন-নবী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করা হবে। নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। পাইলট প্রকল্প হিসেবে জলাবদ্ধতা দূর করতে গাভিয়ার খাল পরিষ্কারকরণ ও খনন কার্যক্রম শুরু হয়েছে। একই পদ্ধতিতে নগরীর অন্যান্য ছড়া-খালও পরিষ্কার ও খনন করা হবে।

বুধবার (১১ ডিসেম্বর) নগরের ১০ নম্বর ওয়ার্ডের কানিশাইলে গাভিয়ার খাল পরিষ্কারকরণ ও ০১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজারে মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া সুন্দর নগর গড়া কোনভাবেই সম্ভব নয়। নগর সুন্দর রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানান তিনি। মশার উপদ্রব থেকে বাঁচতে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও অনুরোধ করেন তিনি।

কর্মসূচি উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সবার সহযোগিতায় সুন্দর নগর গড়তে হবে। নগরবাসী যাতে জলাবদ্ধতার কবলে না পড়েন সে লক্ষ্যে ছড়া-খাল সংস্কার ও খনন কর্মসূচি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে তিন মাসব্যাপী মশক নিধন কর্মসূচি চলবে। ১০টি করে ওয়ার্ড নির্ধারণ করে ৪২টি ওয়ার্ডে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড স্প্রে করা হবে। এছাড়া পূর্ণাঙ্গ মশা নিধনে এডাল্টিসাইড ফগিং করা হবে। ঘনবসতির কারণে নগরীর বেশির ভাগ ছড়া যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করা সম্ভব হয় না। এজন্য শ্রমিক দিয়ে সনাতন পদ্ধতিতে গাভিয়ার খালের ৩৬০ মিটার পরিষ্কার ও খননে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সফল হলে খালের বাকি অংশ এবং অন্যান্য খাল একই পদ্ধতিতে পরিষ্কার ও খনন করা হবে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট