সিলেট ছাত্রলীগ নেতাদের দুই মামলায় তারেক রহমানকে খালাস

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

সিলেট ছাত্রলীগ নেতাদের দুই মামলায় তারেক রহমানকে খালাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটে দায়ের করা দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাস এর রায় দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন দুই ছাত্রলীগ নেতা।

মামলা খারিজের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে হাসিনা সরকারের আমলে মামলা দুটি দায়ের করা হয়েছিলো। আজ (রবিবার) আদালত দুটি মামলাই খারিজ করে দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দুটি দায়ের করা হয়েছিলো। এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সে সময়কার সভাপতি শামীম মোল্লা।

সে সময়ের আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা দু’টিতে অভিযোগ করা হয়- ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কট‍ূক্তি করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদী পক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা আদালত খারিজ করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট