৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। স্বৈরাচারী তকমা গায়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়। গত ১৫ নভেম্বর এ সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে।
সংস্কারসহ নানা বিষয়ে ইতিবাচক পরির্বতন হলেও আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সিলেটের সাংবাদিক এটিএম তুরাব পরিবারে নেই শান্তি! অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে পরিবার। একই সঙ্গে দীর্ঘদিন থেকে আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ ব্যক্ত করেছেন সিলেটের সাংবাদিক সমাজ।
তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মহানগর পুলিশের তৎকালীন ডিসি আজবাহার আলী শেখ, এডিসি গোলাম দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ওসি মঈন উদ্দিনসহ ১৮ জন এজাহারভুক্ত আসামিই এখন পলাতক।
খোঁজ নিয়ে জানা গেছে, তুরাব হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
এরআগে ১৯ আগস্ট নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
আন্দোলনচলাকালে ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় মহানগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক ছিলেন।
এ ব্যাপারে নিহত সাংবাদিক তুরাবের বড়ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বলেন, ‘আমাদের দায়েরকৃত হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। তারা তদন্তের দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার না করাটা খুবই হতাশাজনক।’
এদিকে গত ১৬ নভেম্বর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের কার্যালয়ে সভায় অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D