সিজার ছাড়াই তিন সন্তানের জন্ম দিলেন শামসুন্নাহার

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

সিজার ছাড়াই তিন সন্তানের জন্ম দিলেন শামসুন্নাহার

বরগুনায় সিজারিয়ান অপারেশন ছাড়াই একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন শামসুন্নাহার (৩৫) নামে এক গৃহবধূ।

বুধবার (২০ এপ্রিল) সকালে বরগুনার কুয়েত প্রবাসী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার কোলজুড়ে ফুটফুটে তিনটি কন্যাসন্তান জন্ম নেয়।

শামসুন্নাহার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে বেজায় খুশি নিজাম-শামসুন্নাহার দম্পতি।

এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে আসি। এরপর একসঙ্গে তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি কন্যা সন্তান প্রসব করেন।’

তিনি আরও বলেন, ‘সিজারিয়ান অপারেশন ছাড়াই একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হতে পারব, তা কল্পনাই করতে পারিনি।’

হাসপাতালের চিকিৎসক সাদিয়া পারভিন বলেন, ‘মঙ্গলবার প্রসব বেদনা নিয়ে কুয়েত প্রবাসী হাসপাতালে ভর্তি হন শামসুন্নাহার। আজ সকালে তিন কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তানরা সুস্থ আছে।’