২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সিলেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাদানের সময় পাকিস্তানি সেনাদের আক্রমণে শহীদ চিকিৎসক শামসুদ্দিন আহমদ, শ্যামল কান্তি লালাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি উঠেছে। আজ শনিবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজিত এক কর্মসূচি থেকে ওই দাবি জানানো হয়। পাশাপাশি দিনটিকে ‘সিলেট মেডিকল কলেজ হাসপাতাল গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
সিলেট নাগরিক মৈত্রী নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। ১৯৭১ সালের ৯ এপ্রিল শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, শামসুদ্দিন আহমদ, শ্যামল কান্তি লালাসহ অন্যরা জীবনের ঝুঁকি নিয়ে সে সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তাঁরা ব্লাড ব্যাংকের পাশাপাশি তৈরি করেছিলেন বিশেষ চিকিৎসক দল। ১৯৭১ সালের ৯ এপ্রিল হাসপাতালে আক্রমণ করে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে অন্তত সাতজনকে হত্যা করে। ইতিহাসে এটি প্রথম কোনো হত্যাকাণ্ড, যেখানে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্সসহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়। কিন্তু স্বাধীনতার ৫১ বছর পরও স্বীকৃতি পাননি অকুতোভয় সেই মানবতার যোদ্ধারা।
সভায় সভাপতিত্ব করেন সিলেট নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজিয়া চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগের সমন্বয়ক আনোয়ার হোসেন, আইনজীবী মনির উদ্দিন, কিডনি ফাউন্ডেশনের সমন্বয়ক ফরিদা নাসরিন প্রমুখ।
এদিকে শনিবার দুপুর ১২টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জ্যেষ্ঠ কনসালট্যান্ট খালেদ মাহমুদ, মো. আবদুল কাইয়ূমসহ চিকিৎসক, নার্স ও অন্য কর্মচারীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D