২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যা বলে যাচ্ছেন তথ্যমন্ত্রী।
‘বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহি কাজ করছে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ গুমের শিকার হয়েছেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছেন। শাসকগোষ্ঠী এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়ে জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছেন। এই অনাচার ও রক্তাক্ত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করা কী রাষ্ট্রদ্রোহিতা?
তিনি বলেন, সময় অত্যাসন্ন। ভোট ডাকাতি, গুম-খুন-বিচার বহির্ভূত হত্যা, লাখ লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা, রাষ্ট্রীয় কাঠামো তছনছ করে দেওয়ার সঠিক বিচার একদিন এদেশের মাটিতে হবেই।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় বুধবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছেন আওয়ামী লীগের দুর্বৃত্তরা। আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করেন যুবদল নেতা আকবর আলীকে।
এই হত্যাকারীরা এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী। আকবর আলী সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক। এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় এমপি ও আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে।
যুবদল নেতা আকবর আলীকে হত্যাকারী সেলিম ও মাসুদসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে রিজভী বলেন, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আমি আকবর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D