১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
একেবারেই ভিন্ন এবারের রমজান। প্রাণঘাতী করোনা ভাইরাস, লকডাউন আর গরমের মাঝেই রাখতে হচ্ছে রমজানের রোজা। এই সময়ে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়। কারও কারও দাঁতে নানা রকমের সমস্যাও দেখা দেয় এই সময়। তাই এই সময়টায় মুখের দুর্গন্ধ এড়ানোর পাশাপাশি দাঁত ঠিক রাখার কিছু উপায় রয়েছে। আসুন জেনে নিই-
দাঁত ব্রাশ করুন দুইবার
রমজান মাসে সেহেরির পর থেকে রোজদার মুসলমানরা ইফতার পর্যন্ত, অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খান না। ফলে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে যাতে দুর্গন্ধ সৃষ্টি না করে সেজন্য সেহেরির পরে দাঁত ব্রাশ করেই ঘুমানো উচিত। আবার ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করে নেওয়া ভালো।
মিষ্টি খেলে যা করতে হবে
ইফতার এবং সেহেরির সময় জিলাপি, রসগোল্লা বা রসমালাইয়ের মতো কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খান? মিষ্টি খাওয়ার পরে কিন্তু দাঁত ব্রাশ করতেই হবে। কারণ মিষ্টিতে যে পরিমাণ শর্করাজাতীয় উপাদান থাকে তা দাঁতের এনামেলের ক্ষতি করে।
পেটের সমস্যা থাকলে
রোজার সময় অ্যাসিডিটি বা গ্যাসট্রিকের সমস্যা থাকলেও অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে। এমন হলে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পেটের সমস্যা ছাড়া, নাক, কান বা গলায় প্রদাহের কারণেও দুর্গন্ধ হতে পারে, সেক্ষেত্রে নাক-কান-গলা অর্থাৎ ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
জিহ্বায় প্রদাহ হলে
অনেক সময় কারও কারও জিহ্বার ওপরে খাদ্যের প্রলেপ জমে যায়। একসময় সেখানে জীবাণু হয়। এর ফলে প্রদাহ থেকে ভলাটাইল সালফার কম্পাউন্ড তৈরি হয় এবং মুখে দুর্গন্ধ হয়। এই সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করার আগে টাং স্ক্র্যাপার বা জিবছোলা দিয়ে জিব পরিষ্কার করুন।
পেঁয়াজ-রসুন কমই ভালো
ইফতারে ভাজাপোড়া খেলে সঙ্গে পেঁয়াজ, রসুনও বেশি খাওয়া হয়। ভাজাপোড়া বা পেঁয়াজ-রসুন কম খেয়ে টাটকা ফল বা সালাদ বেশি খেলে ভালো হবে। বিশেষ করে পেঁয়াজ-রসুনের কারণে মুখে যে বাড়তি দুর্গন্ধ হয় তা থেকে বাঁচতে পারবেন। পেঁয়াজ-রসুন খেলে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে নিন।
কুলকুচি করুন
সেহেরির পরে দাঁত ব্রাশ করার আগে কুলকুচি করে নিয়ে ‘ডেন্টাল ফ্লস’ দিয়ে দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের যতটা সম্ভব বের করে দিন। তারপর ক্লোরহেক্সিডিন জাতীয় মাউথওয়াশ দিয়ে মুখ কুলকুচি করুন।
মাড়ি থেকে রক্ত পড়লে
রোজার সময় অনেকের দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। ভিটামিন স্বল্পতার কারণে এমনটি বেশি হয়। মাড়ি থেকে রক্ত পড়লে ইফতারিতে বেশি করে লেবুর সরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙ্গা, আমড়া, মাল্টা, আমলকি, আনারসের মতো ফল এবং গাজর, শশা, টমেটো, লেটুস পাতা ইত্যাদি খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D