৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কুয়েত মৈত্রী হলে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
প্রক্টর সকাল ১০টার দিকে কুয়েত মৈত্রী হলে গণমাধ্যমের কাছে বলেছেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ব্যালটে ভোট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই এই হলের প্রভোস্ট ড. শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে ড. মাহবুবা নাসরিনকে।’
এরপর সবার সহযোগিতায় আবার ভোট শুরু করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলে একযোগে ভোট শুরু হলেও রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে ভোট শুরু করা যায়নি। এক ঘণ্টারও বেশি সময় পর রোকেয়া হলের ভোট শুরু হলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ শুরু হয়নি।
সকাল সাড়ে ৯টায় কুয়েত মৈত্রী হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা হলের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, সেখানে রাতেই ব্যালট পেপারে ভোট দিয়ে বাক্স ভর্তি করা হয়েছে। অনেকের হাতেই সিল মারা ব্যালট পেপার ছিল।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন প্রক্টর, সহকারী প্রক্টর ও চিফ রিটার্নিং কর্মকর্তা। বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে প্রোভিসি মুহাম্মদ সামাদ সেখানে যান। শিক্ষার্থীরা তখন তাকেও অবরুদ্ধ করে রাখেন।
কুয়েত মৈত্রী হলের স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী নুরুন্নাহার পলি বলেন, ‘আমরা সকালে যখন বলি ভোটের আগে ব্যালট দেখাতে হবে, তখন তারা বলেন, এগুলো দেখানো যাবে না। পরে আমরা ভোট দিতে অস্বীকার করি। এবং ভোট বন্ধ থাকে।’
এই প্রার্থী আরো দাবি করেন, ‘আমাদের বিক্ষোভের একপর্যায়ে প্রভোস্ট শবনম জাহান কয়েকটা বস্তা বাথরুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে একটি রুমে তালা মেরে দেন। পরে আমরা তালা ভেঙে বস্তাবন্দি ব্যালট উদ্ধার করি। সেগুলোতে দেখা যায় সব ছাত্রলীগের প্যানেলে ভোট দেওয়া।’
পৌনে ১০টার দিকে ছাত্রীরা হলের প্রভোস্ট শবনম জাহানের পদত্যাগসহ তিনটি দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন—ভোট জালিয়াতির জবাব চাই, প্রশাসনের পদত্যাগ চাই, এই ভোট মানি না মানব না।

অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে এনটিভি অনলাইনের পক্ষ থেকে প্রভোস্ট শবনম জাহানের মোবাইলে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।
এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘ভোট স্থগিত আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরে বিস্তারিত জানাব।’
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। এই ভোটকে কেন্দ্র করে খুব সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ হলের ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট শুরুর পর ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ২৫৫ জন। আর ডাকসুর ২৫টি পদের বিপরীতে মোট ২২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি হলে নির্বাচিত হবেন ১৩ জন করে। সেই হিসাবে ১৮ হল সংসদে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D