শাবিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

শাবিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং র‌্যালীর মাধ্যমে এই দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাবি শাখা ছাত্রলীগ।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস স্মরণে সকাল ৮টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয় এবং সকাল ৯টা ২০মিনিটে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী সমাবেশে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে এক অনবদ্য দলিল। এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। এজন্যই আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল গনি, শাবি প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান ও ছাত্র-সংগঠনের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শাবি ছাত্রলীগ নানা কর্মসূচির আয়োজন করেন। ৭ই মার্চ পালন উপলক্ষে সকাল ৯টায় শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খানের নেতৃত্বে শাহপরাণ হলের সামনে থেকে শাবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের করেন। সেসময় মিছিলে অনেকে হাতে ৭ই মার্চের ছবি সংবলিত প্লাকার্ড দেখা যায়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের অংশগ্রহণে শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট