২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
আগামীতে জাতীয় পার্টি (জাপা) কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে জানিয়ে দিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
শনিবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
রওশন এরশাদ বলেন, আজকে জনগণ পরিবর্তন চায়, শান্তি চায়। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর এরশাদ সেই স্বাধীনতার স্বাদ দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।
রওশন বলেন, জাপা সংসদের বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায় তাদের সদস্য রয়েছে। পাশাপাশি দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদও প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এরপর ‘চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল’ নজরুলের এই রণসঙ্গীত দিয়ে বক্তব্য শেষ করেন বিরোধী দলের নেতা।
এর আগে সকাল সোয়া ১০টায় কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতা ইসলামিক ফ্রন্টের মহাসচিব আব্দুল মতিন, বিএনএ চেয়ারম্যান সেকান্দর আলী মনি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সালমা ইসলাম, তাজুল ইসলাম চৌধুরী, সুনীল শুভ রায়, মুজিবুর রহমান, নাসরিন জাহান রত্না, আতিকুর রহমান আতিক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D