২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও কুমিল্লার মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন না।
শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সায়েন্স ফেস্টিভাল ২০১৮ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে তিনি এ কথা বলেন।
আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় তিনি মুক্ত হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা রবিবার জামিনের বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে রবিবার সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।’
আইনমন্ত্রী আরো বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করতো তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করব না।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের দায়ের করা পৃথক দুটি আবেদন রবিবারের তালিকায় রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ৯ এবং ১০ নম্বরে রয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে বৃহস্পতিবার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদক এবং রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে।
১২ মার্চ সোমবার হাইকোর্ট থেকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়ার পরের দিনই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তা স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ ও দুদক। ১৩ মার্চ আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত আবেদন দুটি পরের দিন শুনানির জন্য রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
১৪ মার্চ চার মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সে নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লিভ টু আপিল দায়ের করা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D