বিএনপির জনপ্রিয়তা কমছে, আ,লীগের জনপ্রিয়তা বাড়ছে : কাদের

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

বিএনপির জনপ্রিয়তা কমছে, আ,লীগের জনপ্রিয়তা বাড়ছে : কাদের

‘বিএনপির কিছু প্যাথলোজিক্যাল লায়ার আছে যারা ঘরে বসে ভাঙ্গা রেকর্ড বাজায়। দুর্নীতিবাজদের পক্ষে দেশের জনগণ নেই। প্রতিদিনই বিএনপির জনপ্রিয়তা কমছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঐতিহাসিক ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আগের থেকে তৎপর থাকায় তারা বিশৃঙ্খলা করার সাহস পাচ্ছে না। শান্তির কথা বলে জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। এটা তাদের কৌশল। তারা কি শান্তি চায়? ১৩,১৪,১৫ সালের পেট্রোল বোমা কি শান্তির পথ? আমাদের আরো সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুই-তিনটা স্বভাবজাত মিথ্যাবাদী আছে বিএনপিতে। এদের বাইরে যাওয়ার সুযোগ নেই। বেরুলে জনগণ ধরবে। এরা ঘরে বসে ভাঙা রেকর্ড বাজায়, দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র না থাকলে ফখরুল, মওদুদ ও রিজভীরা যেভাবে আদালতকে ‘প্রতারক’ বলছেন? তাদের কেউ কিছু বলছে না। আমরাও বলেছি, ওরা যত বেশি কথা বলবে বিএনপির ভোট তত কমবে। এজন্য তারা অন্যায় করুক, অপরাধ করুক, যতবেশি বাজে কথা বলুক, এদের গ্রেপ্তার করার দরকার নেই। এদের বাজে কথাগুলো জনগণ থেকে বিএনপিকে আরও দূরে সরিয়ে দেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল একবার বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২৫ সিট পাবে আবার বলেন, ৩০ সিট পাবে। ভোট দিবে জনগণ আর জ্যোতিষ ফখরুল এভাবেই সংখ্যাতত্ত্ব মিলিয়ে দিচ্ছে। দেশের জনগণ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সততায় খুশি ও ঐক্যবদ্ধ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সংখ্যাতত্ত্বের নতুন জ্যোতিষ মওদুদ আহমেদ। মওদুদ একজন বহুরূপী নেতা, রাজনীতিতে তিনি ডিগবাজীর ওস্তাদ। আগে বিএনপিতে সংখ্যাতত্ত্বের জ্যোতিষ ছিলেন দলের মহাসচিব ফখরুল। এখন নতুন জ্যোতিষ মওদুদ। মওদুদ বলেছেন- খালেদা জিয়া একদিন কারাগারে থাকলে নাকি বিএনপির ১০ লাখ ভোট বাড়ে। আর আওয়ামী লীগের কমে। বিএনপির যে জনপ্রিয়তা বেড়েছে এর প্রমাণ কি?’

তিনি বলেন, ‘আজকে বড় বড় কথা বলেন মওদুদ আহমদ। তিনি বাংলাদেশের রাজনীতির বহুরূপী নেতা, ডিগবাজিতে ওস্তাদ। তিনি এখন শান্তিপূর্ণ আন্দোলনে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলন, না অশান্তির ক্ষেত্র তৈরি করছেন আস্তে আস্তে? শান্তিপূর্ণের কথা বলে জনগণের সহানুভূতি পেতে চান? বাংলাদেশের মানুষ আপনাদের দুর্নীতির পক্ষে নেই।’

তিনি আরো বলেছেন, বিএনপি নেতা রিজভী আহমেদ এবং মওদুদ আহমেদ যত বেশি কথা বলবেন তাদের (বিএনপির) ভোট তত কমবে।

৭ মার্চ জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনোস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়ায় জনসমাবেশ করে সম্মান দেখাবে আওয়ামী লীগ। ৭মার্চ নবজাগরণের ঢেউ দেখতে চাই। সমাবেশ সফল করার জন্য ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। আমরা বিএনপির অপকর্মের জবাব দিব জনগণের শক্তি দিয়ে।’

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।