২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বিএনপির নেতাকর্মীদের গরম না হয়ে ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউরোজিক্যাল সার্জন অ্যাসোসিয়েশনের ১২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
নাসিম আরো বলেন, ‘বেগম জিয়া জেলে আছেন, (তিনি) মাননীয় বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী। আদালতের মাধ্যমে আপনি গেছেন ভেতরে, আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে যাবেন। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা কইরেন না। বিএনপির বন্ধুদেরকে বলব, একটু ঠান্ডা থাকেন, যেভাবে ঠান্ডা চাই, সেভাবেই ঠান্ডা থাকেন। গরম হওয়ার কোনো চেষ্টা কইরেন না দয়া করে।
এ ছাড়া বর্তমান প্রশ্নপত্র ফাঁস বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি মহামারি আকার ধারণ করেছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে, প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি। আগামী নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায়ের খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে রাখা হয়েছে। রায়ের অনুলিপি পেলে জামিনের আবেদন করা হবে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবেনা।
শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
নাসিম আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে- নির্বাচন কমিশন রেফারি থাকবে, আর সেখানে গোল দিবেন শেখ হাসিনা। দেশে গণতন্ত্র আছে বলেই শ্রমিক-কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে।
১৪ দলের মুখ্যপাত্র বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, খেলা হবে মাঠে। নির্বাচনে অংশ নিন। খেলার মাঠে আর কোনো ফাউল করবেন না। জনগণ যাকে ভোট দেয়, আমরা তা মেনে নিবো। কাউকে জেলে রেখে আমরা নির্বাচন থেকে বিরত রাখতে চাই না।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি আদালতের আশ্রয় নিন। আদালত যদি আপনাকে মুক্ত করে দেয়, তাতে আমাদের কোন আপত্তি নেই। আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতি করেনা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল আল-মামুনসহ অন্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D