হামলা মামলার ভয়ে গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

হামলা মামলার ভয়ে গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে বিএনপি : কাদের

হামলা মামলার ভয়ে গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে বিএনপি এই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর এক অনুষ্ঠান শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায় হবে। সেই রায়ে কী হবে সেটা আদালত জানেন। রায় দেয়ার আগেই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে বিএনপি তথা মির্জা ফখরুল আদালতকে হুমকি দিচ্ছেন। তারা আদালত অবমাননা করছেন।

রবিবার দুপুর একটার দিকে নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লাঘাট-বন্দর মদনগঞ্জ শীতলক্ষ্ম্যা ৩য় সেতুর নির্মাণে পাইলিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর ও গোগনগর এলাকায় ব্রিজের উদ্বোধন করেন তিনি।

‘ইতোমধ্যে তারা আদালতকে অবমাননা করেছে। রায়কে ঘিরে কোনো নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হলে মোকাবেলা করার জন্য সরকার লাগবে না, জনগণই প্রতিরোধ করবে।’

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কী রায় হবে সেটা জানে আদালত। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। বিএনপি এটা করতে পারে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মনে করেছে এবারও তারা নির্বাচনে না এলে আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁক তৈরি হবে। কিন্তু তা ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না, অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নেবে।

সেতুমন্ত্রী বলেন, আমরা কাজ করতে চাই। কাজের চেয়ে প্রচার বেশি কিছু করতে চাই না। কাজ করলে মানুষ দেখবে এবং কাজ দেখেই মানুষ বলবে শেখ হাসিনার সরকার কাজ করেছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসসান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।