|
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
সিলেট বিভাগের চার জেলার ৩১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার ৯২টি ইউনিয়নে পাঁচ ধাপে ভোট হবে।
বৃহস্পতিবার (১৯ মে) প্রকাশিত তালিকায় কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিকল্পনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত তালিকায় সিলেট বিভাগের জেলাভিত্তিক ও উপজেলাভিত্তিক ভোটের এই ধাপ নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ, চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং পঞ্চম ধাপে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ভোট হবে।
সুনামগঞ্জ জেলার চারটি উপজেলা প্রথম ধাপে রয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর। দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা; তৃতীয় ধাপে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং চতুর্থ ধাপে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ হবে।
মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর, তৃতীয় ধাপে রাজনগর, চতুর্থ ধাপে কুলাউড়া ও শ্রীমঙ্গল এবং পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।
হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুর উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ ও বানিয়াচং, তৃতীয় ধাপে নবীগঞ্জ ও বাহুবল এবং চতুর্থ ধাপে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের তালিকা করা হয়েছে।
তালিকায় দেখা গেছে, সিলেট বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জের ১১টি, সিলেটের ১৩টি, মৌলভীবাজারের সাতটি ও হবিগঞ্জের নয়টি উপজেলাকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সামগ্রিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে নতুন বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D