সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৩

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৩

সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে বিভাগে নতুন করে ৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং উপসর্গে আক্রান্ত হয়ে রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরা হলো- হবিগঞ্জের লাখাই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ইরফান (৭ মাস), সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হকের মেয়ে খুদেজা (৮ মাস) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাওসারের ছেলে মাহিন (৮ মাস)।

তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট ২২৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৯৫ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।

অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯১৭ জন, সিলেটে ৪৪৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৬৭ জন শনাক্ত হয়েছেন।

জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম-উপসর্গের রোগী হিসেবে নতুন ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ১১৯ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৭ জন রয়েছেন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৫৫ জন রোগী চিকিৎসাধীন।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া বেসরকারি হাসপাতালের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৪১ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা বিভাগের সরকারি-বেসরকারি অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট