|
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন। বিকল্প পথ হিসেবে পরিবহণগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর রয়্যাল মোড়ে প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। কাউন্টারগুলো ফাঁকা। সোহাগ, গ্রিনলাইন এবং গোল্ডেন লাইনসহ বিলাসবহুল গাড়িগুলো তাদের যাত্রা বাতিল করেছে। ফোন করে বিক্রিত টিকিটের টাকা ফেরত দিচ্ছেন কাউন্টার মাস্টাররা।
সোহাগ কাউন্টারের সামনে কথা হয় সিফাতের সাথে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত চারদিন আগে পারিবারিক কাজে খুলনায় আসেন। দু’দিন বাদে বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা রয়েছে। আজ তার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট নিতে এসে বিপদে পড়েছেন। একই কাউন্টারে কথা হয় জাকিরুলের সাথে। চোখের জটিলতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একজন চিকিৎসকের কাছে তার সাক্ষাতের জন্য অনুমতি রয়েছে তার। ওইদিন চিকিৎসকের সাথে দেখা না হলে আবার তাকে তিন মাসের জন্য অপেক্ষা করতে হবে।
ঢাকার নাখালপাড়ার বাসিন্দা রুবেল বলেন, কোম্পানির একটি কাজে তিনি খুলনায় এসেছিলেন। এখানে তার কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে তাকে আবাসিক হোটেলে অবস্থান করতে হচ্ছে। এতে তার অনেক টাকা গচ্চা যাচ্ছে।
সোহাগ পরিবহণের টিকিট মাস্টার আব্দুল হান্নান বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো পরিবহন ছেড়ে যায়নি। এর আগে সাড়ে ১১টার গাড়ি গোপালগঞ্জ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বিকল্প পথ হিসেবে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি গাড়ি। এতে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ গাড়িতে অবস্থান করতে হচ্ছে। অনেক যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। বিশেষ করে এয়ারপোর্টের যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা ব্লকের খবর যাত্রীদের ফোন করে তাদের টিকিট ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩টি এসি ও ৩টি নন এসি গড়ির যাত্রা বাতিল করা হয়েছে। এতে কোম্পানির ব্যাপক ক্ষতি হচ্ছে। তা ছাড়া ঢাকা থেকে গাড়ি ছাড়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
গ্রীণ লাইনের টিকিট বিক্রেতা বলেন, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িগুলো চলাচল করেছে। কিন্তু এরপর থেকে আর কোনো গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যায়নি। সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D