মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চম্পকলতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এছাড়া পলাতক অবস্থায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজিচালক মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরের এলাকার একটি আকাশী বাগানে মরদেহ পড়ে ছিল। পরে মরদেহটি সিএনজিচালক মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় সিএনজির মালিক ও রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট