|
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
মোঃ শামছুল আলম
ইতিহাসে কখনো কোনো জাতি চিরকাল পরাজিত থাকে না। কখনো উত্থান, কখনো পতন — এটাই ইতিহাসের নিয়ম। আজ যখন আমরা বিশ্বের দিকে তাকাই, তখন একটা স্পষ্ট চিত্র দেখতে পাই: মুসলমানরা আবার ফিরে আসছে। শিক্ষায়, রাজনীতিতে, নেতৃত্বে, অর্থনীতিতে — সব জায়গায়!
লন্ডন পৃথিবীর অন্যতম প্রভাবশালী শহর। সেই শহরের মেয়র আজ একজন মুসলিম — সাদিক খান।
তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, একজন বাসচালকের ছেলে। দক্ষিণ লন্ডনের টুটিং-এর ছোট্ট একটা কাউন্সিল ফ্ল্যাট থেকে উঠে এসে তিনি আজ ৯ মিলিয়ন মানুষের শহর লন্ডন চালাচ্ছেন! ২০১৬ সালে প্রথম, ২০২১ সালে দ্বিতীয়, ২০২৪ সালে তৃতীয়বারের মতো তিনি লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন — যা ব্রিটিশ ইতিহাসে নজিরবিহীন!
আজ যারা সাদিক খানকে দেখে, তারা ভাবে — কাল হয়তো এই মানুষটাই বা তার মতো আরেকজন মুসলিম ১০ নং ডাউনিং স্ট্রিটে বসবেন! ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন একজন মুসলিম।
এটা কি অসম্ভব? ৩০ বছর আগে লন্ডনের মেয়র একজন মুসলিম হবে — এটাও তো অসম্ভব মনে হতো। আজ সেটা বাস্তব। আগামীকালের বাস্তবতা আজকের স্বপ্নের চেয়েও বড় হতে পারে!
ব্রিটেনে বর্তমানে প্রায় ৪০ লাখ মুসলিম বসবাস করেন। পার্লামেন্টে এখন অনেক মুসলিম এমপি আছেন। মন্ত্রিসভায়, মেয়র পদে, বিচার বিভাগে — সর্বত্র মুসলমানরা নেতৃত্ব দিচ্ছেন।
আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। ২০২৫ সালের নভেম্বরে সেই আমেরিকার সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানী ! তিনি একজন মুসলিম, একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তরুণ।
৯/১১-এর পর যে শহরে মুসলমানদের সন্দেহের চোখে দেখা হতো, যে শহরে মসজিদ বানাতে বাধা দেওয়া হতো, সেই শহরই আজ একজন মুসলিমকে তাদের মেয়র হিসেবে বেছে নিয়েছে! এটা আমেরিকার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা।
আর একই সময়ে আমেরিকার ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচিত হয়েছে — আবদুল এল সায়িদ।
মিশরীয় বংশোদ্ভূত এই তরুণ মুসলিম চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মিশিগানের সাবেক স্বাস্থ্য পরিচালক। মাত্র ৩০ বছর বয়সে তিনি আমেরিকার একটি বড় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান হয়েছিলেন। আজ তিনি আমেরিকার সিনেটে পৌঁছে গেছেন — আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটরদের একজন হিসেবে।
আবদুল এল সায়িদের বক্তব্য ছিলো খুব স্পষ্ট — “আমি মুসলিম হয়েও আমেরিকান। আমার ঈমান আমাকে শিখিয়েছে মানুষের সেবা করতে, গরিবের পাশে দাঁড়াতে, ন্যায়ের জন্য লড়তে।”
মামদানী আর আবদুল এল সায়িদ — এই দুজন প্রমাণ করে দিয়েছেন, আমেরিকায় মুসলমানরা আর শুধু ভোটার নয়, তারা এখন নেতা।
আমেরিকায় এখন দুজন মুসলিম কংগ্রেসওম্যান আছেন — ইলহান ওমর এবং রাশিদা তালিব। দেশটিতে মুসলিম জনসংখ্যা এখন প্রায় ৪০ লাখের বেশি, এবং তারা আর সংখ্যালঘু হিসেবে চুপ করে থাকে না — তারা ভোট দেয়, তারা নেতৃত্ব দেয়।
আজ মামদানী নিউইয়র্ক চালাচ্ছেন। কাল তিনি হয়তো সিনেটে যাবেন। পরশু হয়তো হোয়াইট হাউসের দরজাও খুলে যাবে।
কারণ আমেরিকা এখন আর ঘৃণার রাজনীতি চায় না। তারা চায় ন্যায়ের রাজনীতি, তারা চায় বাসস্থান, চিকিৎসা, শিক্ষা আর শান্তির রাজনীতি — আর সেই কথাগুলোই মুসলিম নেতারা বলছেন।
আল্লাহ বলেন: “নিশ্চয়ই আল্লাহ ন্যায়, সদাচার ও আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন।” — (সূরা নাহল: ৯০), আর এই ন্যায়ের কথাই আজ পশ্চিমা বিশ্বের মানুষকে আকৃষ্ট করছে।
মুসলিম বিশ্বের জাগরণের কথা বলতে গেলে ইরানের কথা না বললেই নয়।
গত ৪৫ বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা, অবরোধ, চাপ, হুমকির মধ্যে আছে ইরান। আমেরিকা, ইউরোপ — সবাই চেয়েছিলো ইরানকে ভেঙে ফেলতে। কিন্তু ইরান ভাঙেনি, ইরান মাথা নত করেনি।
বরং ইরানিরা দেখিয়ে দিয়েছে — মুসলমানরা চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারে।
-নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আজ নিজের ড্রোন, মিসাইল, স্যাটেলাইট বানায়।
– ইরান আজ মধ্যপ্রাচ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অন্যতম এগিয়ে থাকা দেশ। বিশ্বের বিজ্ঞান জার্নালে ইরানি বিজ্ঞানীদের গবেষণা প্রবন্ধ প্রকাশের হার বিশ্বের শীর্ষ ১৫টি দেশের মধ্যে।
– চিকিৎসা বিজ্ঞানে ইরান আজ মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিচ্ছে — ক্যান্সার, স্টেম সেল, ন্যানো টেকনোলজিতে তাদের অগ্রগতি বিশ্বকে অবাক করেছে।
– ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে জোরালোভাবে, সবচেয়ে সাহসের সাথে কথা বলেছে ইরান। যখন অনেক আরব দেশ চুপ ছিলো, তখন ইরান গাজার পক্ষে দাঁড়িয়েছে।
ইরানিদের এই সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয় বদর, উহুদ আর খন্দকের সেই সাহাবিদের কথা। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল — কিন্তু ঈমানে পাহাড়ের মতো অটল।
রাসূল (সা.) বলেছেন: “মুমিন দুর্বল নয়। মুমিন হলো শক্তিশালী, সাহসী।”
ইরান আজ সেই হাদিসের জীবন্ত প্রমাণ। তারা প্রমাণ করেছে — ভয় দিয়ে মুসলমানদের দাবিয়ে রাখা যায় না।
রাশিয়ায় বর্তমানে প্রায় ২ কোটি ৫০ লাখ মুসলিম বসবাস করেন। মস্কোতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ — মস্কো ক্যাথেড্রাল মসজিদ। তাতারস্তান, চেচনিয়া, দাগেস্তানের মতো মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মস্কোর রাজপথে আজ আজান শোনা যায়, ঈদের জামাতে লাখ লাখ মানুষ নামাজ পড়ে।
ভারতে — দিল্লির লাল কেল্লা। যে লাল কেল্লা থেকে একসময় মুঘল সম্রাটরা সারা ভারতবর্ষ শাসন করেছেন। ভারতে আজ ২০ কোটির বেশি মুসলিম বসবাস করেন — যা পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি, ইন্দোনেশিয়ার পরেই। ভারতের রাষ্ট্রপতি হয়েছেন এ.পি.জে. আবদুল কালাম, ক্রিকেট থেকে এমপি, মন্ত্রী সব জায়গায় মুসলমানরা নেতৃত্ব দিয়েছেন এবং জাকির নায়েকের মতো বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলারের জন্মও এই ভারতে।
চীনে — প্রায় ৩ কোটি মুসলিম। হুই, উইঘুরসহ বহু মুসলিম জনগোষ্ঠী চীনের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখছে।
এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে — মুসলমানরা কোথাও হারিয়ে যায়নি। তারা সংখ্যায় বাড়ছে, শিক্ষায় এগিয়ে যাচ্ছে, নেতৃত্বে আসছে।
আর জেরুজালেম? জেরুজালেম শুধু একটা শহর নয়, এটা আমাদের ঈমানের অংশ। আমাদের প্রথম কিবলা, মসজিদুল আকসা — যেখান থেকে রাসূল (সা.) মেরাজে গিয়েছিলেন।
ইতিহাস বলে, ৬৩৭ খ্রিস্টাব্দে হযরত উমর (রা.) যখন জেরুজালেম বিজয় করেন, তখন তিনি কোনো গির্জা ভাঙেননি, কোনো ইহুদিকে হত্যা করেননি। তিনি চার্চ অব হলি সেপালকারের সামনে দাঁড়িয়ে বলেছিলেন — “তোমাদের গির্জা, তোমাদের জীবন, তোমাদের সম্পদ — সব নিরাপদ।” তিনি সেখানে নামাজ পড়তে অস্বীকার করেছিলেন, যাতে পরবর্তীতে মুসলমানরা সেই গির্জাকে মসজিদ বানিয়ে না ফেলে। আর এটাই ইসলামের শাসন। এটাই মুসলিম শাসনের সৌন্দর্য!
১১৮৭ সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি যখন জেরুজালেম পুনরুদ্ধার করেন, তখন ক্রুসেডাররা ভেবেছিলো — মুসলমানরা প্রতিশোধ নেবে। কারণ ১০৯৯ সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে ৭০ হাজার মুসলিমকে হত্যা করেছিলো। কিন্তু সালাহউদ্দিন প্রতিশোধ নেননি। তিনি খ্রিস্টানদের নিরাপদে চলে যেতে দিয়েছিলেন, গরিবদের মুক্তিপণ নিজে দিয়েছিলেন। পাশ্চাত্যের ঐতিহাসিকরাও আজ এই ঘটনাকে মানবতার অনন্য নজির হিসেবে স্বীকার করেন।
ইনশাআল্লাহ, সেই জেরুজালেম একদিন আবার ন্যায়ের শাসনে ফিরে আসবে। সেদিন হয়তো দূরে নয়।
অনেকে প্রশ্ন করেন — মুসলমানরা শাসন করলে অন্য ধর্মের মানুষের কী হবে? ইতিহাসই এর উত্তর দেয়।
হযরত উমর (রা.)-এর ন্যায়: একবার এক বৃদ্ধ খ্রিস্টান ভিক্ষা করছিলো। উমর (রা.) তাকে দেখে কেঁদে ফেললেন। বললেন, “যৌবনে আমরা তার কাছ থেকে জিজিয়া নিয়েছি, আর বৃদ্ধ বয়সে তাকে ভিক্ষা করতে দিচ্ছি? এটা জুলুম!” তিনি তখনই বায়তুল মাল থেকে তার জন্য ভাতা চালু করে দিলেন। এটাই ইসলামের ন্যায় — ধর্ম দেখে নয়, মানুষ দেখে বিচার।
হযরত আলী (রা.)-এর ন্যায়: একবার খলিফা আলী (রা.)-এর বর্ম চুরি হয়ে গেলো। তিনি দেখলেন, একজন ইহুদি সেটা বিক্রি করছে। তিনি আদালতে মামলা করলেন। বিচারক কাদী শুরাইহ বললেন, “আপনার সাক্ষী কোথায়?” আলী (রা.) বললেন, “আমার ছেলে হাসান আর আমার গোলাম।” বিচারক বললেন, “ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য নয়।” তখন বিচারক ইহুদির পক্ষে রায় দিলেন! খলিফা হয়েও আলী (রা.) সেই রায় মেনে নিলেন। এই ন্যায় দেখে সেই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
সুলতান সালাহউদ্দিনের ন্যায়: তিনি এতো দানশীল ছিলেন যে, মৃত্যুর সময় তার কাছে কাফনের কাপড় কেনার টাকাও ছিলো না। তিনি তার সব সম্পদ গরিবদের দিয়ে দিয়েছিলেন।
সুলতান মুহাম্মদ আল ফাতিহ: কনস্টান্টিনোপল বিজয়ের পর তিনি খ্রিস্টানদের বলেছিলেন, “তোমাদের গির্জায় কেউ হাত দেবে না। তোমরা তোমাদের ধর্ম পালন করো।”
উসমানীয় সুলতান সুলাইমান: তাকে বলা হতো “সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট” — তিনি আইন দিয়ে, ন্যায় দিয়ে ৪৬ বছর শাসন করেছিলেন।
আন্দালুস (স্পেন): ৭৮১ বছর মুসলিম শাসনে স্পেন ছিলো জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র। সেখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি — সবাই পাশাপাশি বসবাস করেছে। ইহুদি ঐতিহাসিকরা সেই সময়কে “ইহুদিদের স্বর্ণযুগ” বলে থাকেন। কর্ডোভার লাইব্রেরিতে ৪ লাখ বই ছিলো, যখন লন্ডন-প্যারিসে গোটা শহরে ১০০টা বইও ছিলো না।
বাগদাদ: আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ ছিলো পৃথিবীর জ্ঞানের রাজধানী। বায়তুল হিকমাহতে গ্রিক, ফার্সি, ভারতীয় জ্ঞান অনুবাদ করা হতো। সেখানে হিন্দু, খ্রিস্টান, ইহুদি পণ্ডিতরা একসাথে কাজ করতেন।
মুঘল শাসন: আকবরের সময় হিন্দু-মুসলিম একসাথে দরবারে বসতো। শিবাজির সেনাবাহিনীতে মুসলিম সেনাপতি ছিলেন, আর আওরঙ্গজেবের সেনাবাহিনীতে হিন্দু সেনাপতি ছিলেন।
উসমানীয় সাম্রাজ্য: ৬০০ বছর ধরে উসমানীয়রা বলকান থেকে আরব পর্যন্ত শাসন করেছে। তারা “মিল্লাত ব্যবস্থা” চালু করেছিলো — যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আইন অনুযায়ী চলতে পারতো। স্পেন থেকে বিতাড়িত ইহুদিদের আশ্রয় দিয়েছিলেন উসমানীয় সুলতান বায়েজিদ।
মুসলমানরা যখন শাসন করেছে, তখন তারা মন্দির ভাঙেনি, গির্জা পোড়ায়নি। তারা ন্যায় দিয়ে শাসন করেছে। কারণ কুরআন বলে — “ধর্মে কোনো জবরদস্তি নেই।” (সূরা বাকারা: ২৫৬)
রাসূল (সা.) বলেছেন: “সাবধান! যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের উপর জুলুম করবে, তার অধিকার খর্ব করবে, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা করবো।” — (আবু দাউদ)
এটাই ইসলামের ন্যায়। এটাই মুসলিম শাসনের আসল পরিচয়।
আজ বিশ্ব ক্লান্ত। যুদ্ধবাজদের হাতে বিশ্ব ক্লান্ত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, গাজায় গণহত্যা, সুদানে দুর্ভিক্ষ — পৃথিবীতে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ যুদ্ধে মারা যাচ্ছে।
পুঁজিবাদ ধনীদের আরও ধনী করেছে, গরিবদের আরও গরিব। বস্তুবাদ মানুষকে দিয়েছে হতাশা, মাদক, আত্মহত্যা। ইউরোপ-আমেরিকায় প্রতিদিন আত্মহত্যা বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে।
বিশ্ব এখন শান্তি চায়, ন্যায় চায়, মানবতা চায়।
আর সেই ন্যায়, সেই শান্তি, সেই মানবতা একমাত্র ইসলামই দিতে পারে। কারণ ইসলাম শুধু নামাজ-রোজার ধর্ম নয়, ইসলাম হলো একটা পূর্ণ জীবনব্যবস্থা — যেখানে ধনীর সম্পদে গরিবের হক আছে, যেখানে শাসক জনগণের খাদেম, যেখানে যুদ্ধেও শিশু-নারী-বৃদ্ধকে হত্যা করা হারাম।
আল্লাহ বলেন: “আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি।” — (সূরা আম্বিয়া: ১০৭)
শেষ কথা লন্ডন থেকে ওয়াশিংটন, মস্কো থেকে দিল্লি, আর জেরুজালেম পর্যন্ত —
আমরা কোনো জাতিকে ঘৃণা করি না, কোনো ধর্মকে ছোট করি না। আমরা শুধু চাই — ন্যায় প্রতিষ্ঠা হোক, জুলুম শেষ হোক, সব মানুষ নিরাপদ থাকুক।
ইতিহাস বলে, মুসলমানরা যখন জেগে উঠেছে, তখনই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আজ মুসলমানরা আবার জাগছে।
সাদিক খানের লন্ডন, মামদানীর নিউইয়র্ক, আবদুল এল সায়িদের সিনেট, ইরানিদের সাহস — সব মিলিয়ে এটা একটা নতুন ইতিহাসের শুরু।
তাই আমরা বিশ্বাস করি —
ইনশাআল্লাহ, বিজয় মুসলমানদেরই হবে। কারণ আল্লাহর ওয়াদা সত্য। “আর তোমরা হতাশ হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।” — (সূরা আলে ইমরান: ১৩৯)

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D