|
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
নতুন নান্দনিক নাগরিকবান্ধব সিলেট গড়ার অঙ্গীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। তিনি অতীতের ন্যায় আগামিতে সিলেট নগরীর মানুষের অধিকার আদায়ে পাশে থাকতে চান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর তালতলা এলাকার একটি হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অঙ্গিকার করেন মাওলানা আতাউর।
দলের কেন্দ্রীয় নেতা ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আতাউর রহমান জানান, হাজার বছরের ঐতিহ্যবাহী সিলেট শহরকে বিপর্যয় থেকে উদ্ধার করাই আমাকে বাধ্য করেছে এপথে আসতে। যারাই আসেন তাদের মাঝে নতুনত্ব নেই। সমস্যা সমাধানের ফর্মুলা নেই। পৃথিবির বিভিন্ন দেশ ঘুরে দেখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। তিনি নগরীর সমস্যা তুলে ধরে ১৫টি প্রস্তাবনা পেশ করেন।
গত ১১ অক্টোবর সিলেটের সাবরেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে মাওলানা আতাউর রহমানকে সিটি মেয়র হিসেবে দলীয় প্রার্থী ঘোষনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। দলীয় প্রার্থী ঘোষনার তিন দিনের মাথায় বৃহস্পতিবার তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অতীত আন্দোলন ও রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন।
লিখিত বক্তব্যে মাওলানা আতাউর রহমান জানান তিনি সিলেটের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে লড়েছেন। সিলেট বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন, সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিককরণ, সিলেট পৌরসভা থেকে সিটি করপোরেশন উন্নীতকরণ, সিলেটে পৃথক শিক্ষা বোর্ড স্থাপনসহ বিভিন্ন উন্নয়নে ভ‚মিকা রাখেন। ‘বঞ্চিত সিলেটবাসী’ নামে একটি সংগঠনের ব্যনারের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবেও কাজ করেছেন। কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করলেও সিলেটের মানুষের সুখে-দুঃখে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
সিলেট নগরী সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারেনি দাবি করে আতাউর বলেন রাজনৈতিক মতদ্বৈততায় উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে সিলেট। ফলে কাংখিত লক্ষে পৌঁছতে পারেনি সিলেট। একারণে নগরবাসীকে এখনও জলাবদ্ধতা নিরসনের দাবী জানাতে হয়। এখনও পাড়া-মহল্লার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। তার দৃষ্টিতে অপরিকল্পিত নগরায়ণ ও অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তা, ফুটপাত দখল, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, খাল ছড়া ও জলাধার দখল, মশা ও রোগবাহিত জীবাণু নিয়ন্ত্রণে দুর্বলতাসহ বেশে কিছু সমস্যার কথা তুলে ধরেন।
নির্বাচিত হলে মাওলানা আতাউর ১৫টি অঙ্গীকার বাস্তবায়নের কথা জানান। এর মধ্যে অন্যতম, জলাবদ্ধতামুক্ত সিলেট, পরিচ্ছন্ন নগর, পরিকল্পিত সড়ক ও ফুটপাত, ডিজিটাল সিটি কর্পোরেশন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সবুজ নগর, নিরাপদ নগর, স্বাস্থ্যকর নগর, প্রবাসীবান্ধব উদ্যোগ, যুব ও কর্মসংস্থান, সংস্কৃতি ও পর্যটন, টেম্স নদীর মত করে সুরমা নদীর উপর নান্দনিক দুটি ব্রিজ ইত্যাদি।
নগর সভাপতি মাওলানা ইমরান আলমের পরিচালনায় মতবিনিময়কালে দলের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেইন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D