দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিকদের করা আবেদনে সাড়া না দিয়ে আদালত এ আদেশ দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালত বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ না করলে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

শুনানিতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ যানবাহনের কারিগরি মানদণ্ড নির্ধারণ করা আছে। এই মানদণ্ড লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া আইনে স্পষ্টভাবে বলা আছে, বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।

বিআরটিএ সূত্র জানায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে কিছু পরিবহন প্রতিষ্ঠান সেসব বাসকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছে। এসব বাসের চেসিস, ইঞ্জিন ও বডি সাধারণ বাসের মতোই। ফলে কাঠামোগতভাবে পরিবর্তিত এসব বাস মহাসড়কে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে।

গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং স্লিপার বাস পরিচালনার দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট