হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন : চিকিৎসক বরখাস্তের নির্দেশ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন : চিকিৎসক বরখাস্তের নির্দেশ

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে একজন চিকিৎসককে স্থায়ী বরখাস্ত এবং একজন ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ করার তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর নির্দেশে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।

এছাড়া, প্রায় আড়াই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাময়িক বরখাস্তকৃত মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসানকে স্থায়ীভাবে বরখাস্তের কঠোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে গেলে রোগীরা হাসপাতালের অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কথা সরাসরি তুলে ধরেন। এক শিশুর অভিভাবক চিকিৎসা নিতে এসে ভোগান্তির অভিযোগ করলে মন্ত্রী তা গুরুত্বের সঙ্গে শোনেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে চরম অবহেলা করেছে। জেনারেটর অকেজো পড়ে থাকা থেকে শুরু করে শয্যা সংকট- সবই লুটপাটের ফল। আমি আজই বন্ধ জেনারেটর সচল করার নির্দেশ দিয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও আশ্বাস দেন যে, হবিগঞ্জ সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের জন্য খুব শীঘ্রই ৫০টি করে মোট ১০০টি ডায়ালাইসিস মেশিন প্রদান করা হবে।

এছাড়া চিকিৎসক সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাধারণ রোগী ও স্বজনরা মন্ত্রীর এমন সরাসরি তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং সেবার মান বৃদ্ধির আশা করছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট