নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনের মতো ছিল না। জুমার নামাজের সময় পরিবারের অগোচরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমেছিল পাঁচ শিশু। কিন্তু সেই গোসলই যে তাদের জীবনের শেষ যাত্রা হবে, তা ঘুণাক্ষরেও জানতেন না স্বজনেরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের পদ্মার একটি শাখা নদীতে ডুবে মারা গেছে পাঁচ মেয়েশিশু।

নিহতরা হলো- চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হালিম হামাদ জানান, জুমার নামাজের সময় শিশুরা কাউকে কিছু না জানিয়ে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে খোঁজাখুঁজি শুরু হলে নদী থেকে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছে নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। বছরের বেশির ভাগ সময় এখানে তেমন পানি থাকে না। নদীর তলদেশ ও আশপাশের জমিতে চাষাবাদও হয়। তবে সম্প্রতি বৃষ্টি ও পদ্মায় পানি বাড়ায় নদীটিতে পানি জমে যায়। সেই পানিই যে পাঁচটি পরিবারের জন্য এমন নির্মম শোক বয়ে আনবে, তা কেউ ভাবেনি।

একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুতে পুরো চরচাকলা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। যে বাড়িগুলোতে শিশুদের হাসি-খেলায় মুখর থাকার কথা, সেখানে এখন কান্নার শব্দ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। একসঙ্গে পাঁচটি পরিবারের স্বপ্ন যেন মুহূর্তেই থমকে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট