|
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির কৃষি খাতের শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওমানজুড়ে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য একটি অনুমোদিত কোটা নির্ধারণ করা হয়েছে।
ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানিয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) উদ্যোগে এবং দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ উদ্যোগের আওতায় এখন থেকে ওমানের কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কেবল ওএএর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের জন্য কৃষিজমির মালিকানা বা ইজারার সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের ফসল ও চাষকৃত জমির তথ্যসংবলিত ‘কৃষি আবাদ ফরম’-এর অনুলিপি জমা দিতে হবে।
সংগঠনটির ইবরির আল মুরতাফা এলাকার কার্যালয়ে আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন সরাসরি বাতিল করা হবে।
ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেস-এর একটি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধিত কৃষি সমিতিগুলোর সদস্যদের জন্য মোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের কোটা সংরক্ষণ করা হয়েছে। এই কোটা ওমানের বিভিন্ন গভর্নরেটে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D