১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাজারো পরীক্ষার্থীর জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে দুর্যোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন।
দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।
বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, একই দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D