ঢাকার ১৪৮ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে নামলো আন্তর্জাতিক ফ্লাইট

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

ঢাকার ১৪৮ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে নামলো আন্তর্জাতিক ফ্লাইট

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশে দেখা দেওয়া প্রতিকূল পরিস্থিতিতে দুবাই থেকে আসা একটি আন্তর্জাতিক ফ্লাইটকে সিলেটে অবতরণ করতে হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ (BS-342) ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইটটি খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে সিলেটে ডাইভার্ট করা হয়।

বেলা ২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি এখনো সিলেট রয়েছে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

শুধু সিলেটেই নয়, একই কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বৈরী আবহাওয়ার প্রভাব শুধু এই দুটি ফ্লাইটেই সীমাবদ্ধ ছিল না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে ঢাকার আকাশে প্রতিকূল আবহাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ায় অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।

এর মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলার জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘ সময় আকাশে চক্কর দিয়ে পরে ঢাকায় অবতরণ করে।

এছাড়া শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টি, রোববার সকালে কমে যাওয়া দৃশ্যমানতা এবং বিরূপ আবহাওয়ার কারণে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয় বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট