সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মিনহাজ উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় প্রবেশ করেন।

এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় খাসিয়ারা। গুরুতর অবস্থায় সঙ্গীয়রা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল উদ্দিন খবর পেয়ে নিহতের বাড়িতে যান। তিনি বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

তবে ঘটনার সময় তিনি কী উদ্দেশে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে জানান, মিনহাজ ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সঙ্গীয়রা তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্তে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে খাসিয়ার গুলিতে কিনা জানি না। লাশ তার বাড়িতে পেয়েছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট