জগন্নাথপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

জগন্নাথপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে গরুতে ধানের চারা খাওয়া ও নষ্ট করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম মিয়া (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গড়গড়ি গ্রামের রাজ্জাক মিয়ার পুত্র কাজল মিয়া এবং আব্দুস সাত্তারের পুত্র সেলিম মিয়ার মধ্যে জমিনের চারা গরুতে খাওয়ানো নিয়ে প্রথমে তীব্র বাদানুবাদ ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাজল মিয়া ও তার সহযোগী আশিক মিয়া উত্তেজিত হয়ে ধারালো ছুরি নিয়ে সেলিম মিয়ার উপর হামলা চালান।

এসময় ​ধারালো ছুরির আঘাতে সেলিম মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত কাজল মিয়া ও আশিক মিয়াসহ তাদের সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্ত সম্পন্ন করা হয়।

​জগন্নাথপুর থানাপুলিশ জানায়, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার মূল অভিযুক্ত কাজল ও আশিকসহ জড়িত সকলকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান- সেলিম মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট